বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিল গারো হিলস রানার্স কমিউনিটি

  

নিজস্ব প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে “বগারচর মিনি ম্যারাথন দৌড়-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৫টা ৩০ মিনিটে বগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ মিনি ম্যারাথনের উদ্বোধন করা হয়।

ম্যারাথনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় শতাধিক দৌড় প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে অংশ নেয় জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটি। দলের নেতৃত্ব দেন কমিউনিটির ফাউন্ডার ও আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি ডাঃ হাবিবুর রহমান।

ম্যারাথনে অংশগ্রহণ করেন ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও জেলা পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মেজবাউল হক তুহিন, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বগারচর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক রিপন রাজ, স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মুক্তিসহ অনেকে।

এসময় জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির ফাউন্ডার ডাঃ হাবিবুর রহমান বলেন, “ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি সুস্থ জীবনধারা গড়ে তোলার একটি আন্দোলন। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত দৌড় শরীর ও মনকে সুস্থ রাখে।”

আয়োজক সবুর সাহেব জানান, তরুণদের মাদক ধূমপান মুক্ত সুস্থ জীবনধারা গড়ে তোলা, শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারীরা আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। দৌড় প্রতিযোগীদের জন্য পানি, স্যালাইন, বিস্কিটসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করায় তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

 

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা