জোরপূর্বক ভুট্টা তুলে নেওয়ার অভিযোগ

  


নিজস্ব প্রতিবেদকঃ


জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক কৃষকের অপরিপক্ক  ভুট্টা ক্ষেত থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক দোষীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের কৃষক গিয়াস উদ্দিন ক্রয়সূত্রে মালিক যার (দলিল নং ৩৮৭৮) । দীর্ঘদিন ধরে দখলে থাকা আবাদি জমিটি একই এলাকার কৃষক আবু সাঈদ (লাত্তু) বর্গা চাষ করেন । দীর্ঘদিনের পরিশ্রমে ১ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেন। ভুট্টা পাকতে শুরু করলে হঠাৎ একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে ক্ষেতের মধ্যে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ভুট্টা তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে কৃষক ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। 
ভুক্তভোগী বর্গা চাষী আবু সাঈদ জানান, “অনেক কষ্টে ঋণ করে চাষ করেছি। ফসল ঘরে তোলার আগেই সন্ত্রাসী কায়দায় ভুট্টা তুলে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। দুর্বৃত্তরা ভোর বেলা ১৫ থেকে ২০ জন পুরুষ ও মহিলা নিয়ে অপরিপক্ক ভুট্টা উত্তোলন করে । আমি বারবার নিষেধ করার পরেও তারা ভুট্টা উঠিয়ে নিয়ে যায় । আমি এর সঠিক বিচার চাই ।”
জমির মালিক গিয়াস উদ্দিন জানান , "গত ১০ বছর ধরে আমি জমির মালিক । আমি ও আমার পরিবার আবাদ করে আসছি । কিন্তু এবার আমি আবু সাঈদকে জায়গাটি বর্গা চাষ করার জন্য দেই। কিন্তু ভুট্টা পরিপক্ক হওয়ার আগেই প্রকাশ্যে ভুট্টা উঠিয়ে নিয়ে যায় । মাঠের ফসল নিরাপদ না থাকলে আমরা কোথায় যাব।"

উপজেলা কৃষি কর্মকর্তারা আমিনুল ইসলাম বলেন, "কৃষকের উৎপাদিত ফসলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কৃষি খাতে এমন হামলা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।"
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, “ভুট্টা তুলে নেওয়ার ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

নবীনতর পূর্বতন