ভারতে কাজ শেষে দেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক বাংলাদেশি সোহাগ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ভারতে শ্রমিকের কাজ শেষে দেশে ফেরার পথে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ফতেহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ শেষে ভোর রাতে সীমান্ত পেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ভারতের খোচাবাড়ি ক্যাম্পের একটি বিএসএফ টহল দল তাকে দেখতে পেয়ে আটক করে নিয়ে যায়। সংশ্লিষ্ট সীমান্ত এলাকা বাংলাদেশের বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন।

সোহাগের পরিবার দাবি করেছে, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালানের সঙ্গে জড়িত নন। তার বাবা জাহাঙ্গীর আলম বলেন, “আমার ছেলে শুধু কাজ করে দেশে ফিরছিল। আমরা দ্রুত তাকে ফেরত চাই।” তিনি এ বিষয়ে প্রশাসন ও Border Guard Bangladesh (বিজিবি)-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ঘটনাটি তাদের জানা রয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট তানজির আহমেদ বলেন, “বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

নবীনতর পূর্বতন