মো. আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর শ্যামনগর উপজেলায় মোট ৩৯ হাজার ২৯৮ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২৯৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৫ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক। “ভিটামিন-এ খাওয়ান, মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, প্রতিটি যোগ্য শিশুর কাছে পৌঁছে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে এবং সরকারি এ কার্যক্রমের আওতা থেকে কোনো শিশুই যেন বাদ না পড়ে।
তিনি স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল আজম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, “উপজেলার আওতাভুক্ত প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক ও সচেষ্ট হয়ে কাজ করতে হবে।”
