কাউনিয়ায় কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়নে হাঁস-মুরগি ও নগদ সহায়তা প্রদান



কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 
কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় ‘স্বপ্নসারথি’ কিশোরীদের মাঝে হাঁস-মুরগি, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) কাউনিয়া ব্র্যাক অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিশোরীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ‘স্বপ্নসারথি’ কিশোরীদের মাঝে ৩০ দিন বয়সী হাঁস ও ৪০ দিন বয়সী মুরগি বিতরণ করা হয়। একই সঙ্গে হাঁসপ্রাপ্ত কিশোরীদের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা এবং মুরগিপ্রাপ্ত কিশোরীদের প্রত্যেককে ২ হাজার ৩৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার রিপন কুমার, কাউনিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো. সাহাজাহান, উপজেলা অ্যাকাউন্টস ম্যানেজার দীপক কুমার রায়, অফিসার মোছা. শাপলা আক্তার এবং কমিউনিটি অর্গানাইজার মোছা. আমেনা খাতুন।

এ সময় বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া কিশোরীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রতিদিনের সংবাদ-এর কাউনিয়া উপজেলা প্রতিনিধি জহির রায়হানও ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে হাঁস-মুরগি পালন করে কিশোরীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

তারা আরও বলেন, গ্রামীণ কিশোরী ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকা অর্জনের পথ সুগম করবে। ভবিষ্যতেও কিশোরীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা