জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে কালাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল



মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল বারী এমপিকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রনি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মুক্তাদল সরকার, সদস্য আয়নাল হকসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাপ্তাহিক শীর্ষ কাগজ-এর ৮ জুন প্রকাশিত ২৭তম সংখ্যায় ‘খাদ্যের মডার্ন ফুড স্টোরেজ প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটপাট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন বর্তমান প্রতিমন্ত্রী-সচিবও’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তারা দাবি করেন, প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপির রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, তথ্য-উপাত্ত যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তারা সংশ্লিষ্ট সংবাদটির সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, এ বিষয়ে গত ১৪ জুন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরা হয়।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা