ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৪ লাখ টাকা



ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁচবেতুয়ান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে গ্রামের আবু শামার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোকে গ্রাস করে। আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর কাজে অংশ নেন। দীর্ঘ সময় চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই কয়েকটি বসতঘর ও ঘরে থাকা মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বহু বছরের সঞ্চয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। ফলে তারা মানবেতর অবস্থায় পড়েছেন এবং পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব নিরূপণের কাজ চলছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন,  “ঘটনার বিষয়টি জেনেছি। সরেজমিনে পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা