দামুড়হুদার রুদ্রনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু



মোঃ জিহাদ হাসান, দশর্ণা, চুয়াডাঙ্গা, খুলনা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর প্রায় ২টার দিকে রুদ্রনগর মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাওয়ার টিলার নিয়ে নিজ জমিতে চাষাবাদের কাজ শুরু করেন নাজমুল হোসেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তিনি মাঠে কাজ করছিলেন। একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় কৃষক ও এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষিকাজের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা