মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক মাদক কারবারি




মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল ১২ জুন ২০২৬ তারিখে মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোয়েন্দা দল জানতে পারে, মান্দা উপজেলার কুসুম্বা মোড়ে বিকাশ চন্দ্রের অটো মেকানিকের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। এ সময় তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে উপস্থিত সাক্ষীদের সামনে ১৮ পাতায় ১০টি করে মোট ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মামুনুর রশিদ (৪৩)।  তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক ভোলাই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করেছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা