শিবচরে জমি বিরোধের জেরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত, অভিযুক্ত পলাতক



মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরেক চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।

গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে আলতাফ মাদবরের সাথে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার বিকেলে তাদের দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। তর্কের একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় শিবচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, "ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্ত বারেক মাদবরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা