আকাশ পাল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় ফকিরহাট উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফকিরহাট উপজেলা যুবদল নেতা শেখ দেলোয়ার হোসেন ও মোল্লা রাজু আহমেদ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেন এবং দেশ ও জনগণের স্বার্থে গঠনমূলক রাজনীতির আহ্বান জানান।