শিশুস্বাস্থ্য সুরক্ষায় ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন



ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. সাব্বির রহমান, ডা. আসাদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মুরাদ, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশু বিশেষজ্ঞ ডা. সাব্বির রহমান বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে হাম, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পায়। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি উন্নয়ন ও সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, আগামী ২৮ জুন ভাঙ্গুড়া  উপজেলার সকল টিকা কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আয়োজক সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এ কর্মসূচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া বাস্তবায়ন করছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা