লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

 



আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে  ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন এসকেন আলী ভোলা (৬০)। আহতরা হলেন শাপলা খাতুন (৩০) ও সুফিয়া খাতুন (৫০)।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা থাকার পর হঠাৎ বজ্রপাত হলে ভাটায় কর্মরত শ্রমিকদের ওপর তা পড়ে। এতে এসকেন আলী ভোলা গুরুতর আহত হন। পরে ভাটার লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।


নিহত এসকেন আলী ভোলা নাটোর জেলা, বাংলাদেশ-এর বালিতিতা গ্রামের বাসিন্দা। আহত শাপলা খাতুন জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী এবং সুফিয়া খাতুন একই এলাকার বাসিন্দা।


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা