জামালপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে কোরবানির পশু পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ৪০০ গরু নিয়ে “ক্যাটল স্পেশাল-১” ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে জামালপুর রেলওয়ে থানাধীন ইসলামপুর রেলওয়ে স্টেশন হতে ট্রেনটি ছেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটিতে মোট ২৫টি বগি রয়েছে এবং প্রতিটি বগিতে ১৬টি করে গরু পরিবহন করা হচ্ছে। এতে মোট গরুর সংখ্যা দাঁড়ায় ৪০০টি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে নিরাপদ ও দ্রুত পশু পরিবহনের লক্ষ্যে বিশেষ এই ক্যাটল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ট্রেন চলাচল ও পশু পরিবহনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, ক্যাটল স্পেশাল ট্রেনটি নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
