মো. আরফান আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সরকারী বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈলে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতেজা বেগমের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মচারীরা অতি স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করে আসছেন। অথচ দেশের প্রান্তিক পর্যায়ে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই তাদের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারী
গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, শিক্ষক মিন্টুন রায়হানসহ উপজেলার প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী।
এ সময় শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও এখনও তাদের চাকরির কোনো স্থায়িত্ব নেই। দ্রুত দাবি বাস্তবায়ন হলে তারা আরও উৎসাহের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে পারবেন।