আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারী উপজেলায় অনলাইনে ভূমির নামজারি(মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের অ্যাকাউন্ট বন্ধ থাকায় ২ মাস ধরে ভূমি ক্রেতা, বিক্রেতা ও ভূমি সেবা গ্রহীতাগন চরম ভোগান্তিতে পড়েছেন। জানা যায়, চিলমারীতে স্থায়ী ভাবে কোন সহকারী কমিশনার (ভূমি) না থাকায় উপজেলা ভূমি অফিসের দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাই অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন বলে স্থানীয়রা জানান। তারা অভিযোগ করেন যে,চিলমারী ছোট উপজেলা হিসেবে বরাবরই এখানে সহকারী কমিশনারের (ভূমি) পদটি শুন্য থাকে। ফলে প্রশাসনিক কাজের ফাকে ইউএনওকে এই কাজে আলাদা ভাবে সময় দেওয়ায় তারও নির্ধারীত কাজে ব্যাঘাত সৃষ্টি হয়।
পক্ষান্তরে দিনেরপর দিন ভূমি সংক্রান্ত নানান জটিলতায় ধুকছেন সাধারন মানুষ। অপর দিকে ডিজিটাল ভূমি সেবার সফট্ওয়ার জনিত ত্রুটির কারনে গত দুই মাস যাবৎ সাধারণ মানুষের নামজারিতে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে। মিস কেস, ভুল দাগ সংশোধন, ভুল খাজনা সংশোধন সহ ভূমি কর্মকর্তার স্বাক্ষরকৃত যাবতীয় জরুরী সেবা সমূহের কাজ বন্ধ রয়েছে। ফলে দীর্ঘদিন যাবৎ ভূমি সংক্রান্ত কাজে ব্যাপক হয়রানি ও ভোগান্তিতে রয়েছে এই অঞ্চলের ভূমি সেবা গ্রহীতারা। ফলে জমি কেনা-বেচা বা জরুরি প্রয়োজনে খতিয়ান হালনাগাদ করার জন্য নামজারি সহ অত্যাবশ্যকীয় কাজ গুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা।
প্রায় দুই মাস ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ বাধ্যতামূলক করা হলেও অ্যাকাউন্ট বন্ধ থাকার অজুহাতে সাধারণ মানুষ তাদের ভূমির কর পরিশোধ করতে পারছেন না। ফলে বকেয়া বাড়ছে এবং জমি সংক্রান্ত আইনি কাজে জটিলতা তৈরি হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষগুলো দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না। এই হয়রানীতে পড়ে চরাঞ্চলের মানুষজনদেরকে অসহনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী সোনা মিয়া, ফজর আলী সহ অনেকেই বলেন, ডিজিটাল সেবার নামে চরাঞ্চল সহ চিলমারীর সকল ভূমি মালিকগনকে হয়রানি করা হচ্ছে। ভূমি সেবা গ্রহনকারীরা জানান, প্রায় দুই মাস ধরে ভূমিসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পোর্টাল বন্ধ থাকায় খাজনা,খারিজ করতে পারছেননা। ফলে, জরুরী কাজের জন্য অর্থের প্রয়োজনে অনেকেই জমি বিক্রয় করতে পারছেননা। ‘সার্ভারে সমস্যা’ বা ‘অ্যাকাউন্ট বন্ধ’ এমন কথায় ভূমি সেবা গ্রহীতারা চরম হয়রানীতে পড়ার কথাও ব্যক্ত করেছেন । জরুরী ভিত্তিতে ভূমি সংক্রান্ত সকল সেবা চালু করা সহ স্থায়ী ভাবে একজন উপসহকারী কমিশনার( ভূমি) কে দায়িত্ব প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সচেতন মহল জোর দাবী জানিয়েছেন।
