জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আসিম হোসেন তুহিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭” অনুযায়ী তাকে চার বছরের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিদ্যমান বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়োগকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।