শিশু আয়শা হত্যার রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে চিলমারীতে বিক্ষোভ-মানববন্ধন

 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 কুড়িগ্রামের চিলমারীতে অবোধ শিশু আয়শা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার মাচাবান্দা এলাকার সাহাপাড়া মোড় থেকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিলমারী মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শত শত নারী-পুরুষ, যুবক-তরুণ ও স্থানীয় মুরব্বিরা শিশু আয়শা হত্যার রহস্য উদঘাটনে পুলিশের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে চিলমারীকে মুখরিত করে তোলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে বিক্ষোভকারীরা তদন্তের অগ্রগতি নিয়ে অভিযোগ তুললে তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে। কারও কাছে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি জানান, ঘটনার বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যার রহস্য উদঘাটন হয়নি। বরং প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও তারা দাবি করেন। এ ঘটনায় স্থানীয় কয়েকটি পরিবারের সঙ্গে পূর্ব বিরোধ ও নানা সন্দেহজনক বিষয় সামনে আসায় এলাকাজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।

নিহত আয়শার পরিবারের সদস্যরা জানান, শিশু আয়শা নিখোঁজ হওয়ার পরপরই থানায় খবর দেওয়া হলেও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় তারা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য দেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আমজাদ হোসেন, নিহত শিশুর বাবা আলমগীর হোসেন, সাবেক অধ্যক্ষ শামছউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ শেষে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতার আশ্বাস দেন।

নবীনতর পূর্বতন