বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সেচ বাঁধে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রী মারা গেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বটতইল্লাঝিরি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মোক্তা মনি (৯) ও মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। মোক্তা নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এবং জেসি বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, সকালে অন্যান্য শিশুদের সঙ্গে বাঁধের পানিতে নামলে হঠাৎ গভীর পানিতে পড়ে যায় দুইজন।
স্থানীয়রা জানান, খবর পেয়ে স্বজনেরা তাদের দ্রুত উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টারে ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
