শেরপুরে রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫-২৬, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত



মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃ
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে শেরপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫-২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে থানা ও জেলা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে রূপান্তর বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.বি.এম. মামুনুর রশিদ, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর। সভাপতিত্ব করেন মোহাম্মদ আশিকুর রহমান, উপদেষ্টা, রূপান্তর বাংলাদেশ, শেরপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হাবিব কমল, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী, বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা আক্তার, সেভেন মিরর কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. ফেরদৌস ওয়াহিদ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, গাজীর খামার শাখার ব্যবস্থাপক মো. বেনজীর আহমেদ লিপন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাকিবুল হাসান, যিনি ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৬’-এর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং মেধাবীদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ শিক্ষাবৃত্তি ও গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তার প্রসার এবং গণিতের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা