ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

ভুরুঙ্গামারী প্রতিনিধি: হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস অবিলম্বে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ।

দীর্ঘদিন ধরে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এ অবস্থার অবসান এবং বাস ধর্মঘট প্রত্যাহারের দাবিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, ভূরুঙ্গামারী একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতার হাতে একটি নাইট কোচে অগ্নিসংযোগের ঘটনা দুঃখজনক হলেও এর সমাধান আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা বন্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে “ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালু করতে হবে”, “ভূরুঙ্গামারীবাসীর যাতায়াতের অধিকার নিশ্চিত করো” ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

মানববন্নে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মো. আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতে খারুল ইসলাম শ্যামা, সদস্য কাজী মো. নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত। এছাড়াও বিভিন্ন শ্রমিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করে বাস সার্ভিস পুনরায় চালু না করা হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা প্রশাসন ও বাস মালিক সমিতির প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা