মেহেদী হাসান জুয়েল, গলাচিপা প্রতিনিধিঃ
আধুনিক কৃষির প্রসারে পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী 'ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬' এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপস্থিত থাকার কথা থাকলেও, জরুরি রাষ্ট্রীয় ব্যস্ততার কারনে তিনি অংশ নিতে পারেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম এবং স্থানীয় বিএনপি নেতা মো. আশ্রাফুজ্জামান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষি অফিস সংলগ্ন মেলার মূল ফটকে ফিতা কেটে মেলায় প্রবেশ করেন। তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি সরঞ্জাম এবং উন্নত জাতের ফলজ, বনজ ও ফুলের গাছের চারা ঘুরে দেখেন। এরপর পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, সরকার দেশব্যাপী পাঁচ কোটি ফলজ ও বনজ গাছ রোপণের যে মহৎ প্রকল্প হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে আমরা কৃষকদের মাঝে উন্নত জাতের চারা, সার এবং বীজ বিতরণ করছি। তবে এই সরকারি প্রণোদনা সঠিক পদ্ধতিতে রোপণ ও ব্যবহার করতে হবে। আমাদের কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে এটি কঠোরভাবে তদারকি করবেন। যদি কেউ সরকারি সার ও চারা কাজে না লাগিয়ে অন্য কোথাও বিক্রি বা অপব্যবহার করেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তিনি আর কোনো সরকারি সুবিধা পাবেন না।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে কৃষকদের সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার এবং উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। মেলাটি আগামী তিন দিন সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
