পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৮ জুন ২০২৬ (রোববার) রাতে পূর্বের তথ্য ও এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে রাত ৯টা দিকে উপজেলার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. মনিরুল ইসলাম (২৬), পিতা- মৃত ময়েন সিকদার, সাং- মাস্টারপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরপর রাত ১০টা দিকে উপজেলার পাটুলীপাড়া এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে মো. রনি হোসেন (৩০), পিতা- মকবুল হোসেন, সাং- দিয়ারপাড়া, ভাঙ্গুড়া, পাবনা এবং মো. সোহাগ রানা (২০), পিতা- মো. সোহেল রানা, সাং- পাটুলীপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে দোষী সাব্যস্ত করা হয়।
একই আইনের ৩৬(৫) ধারায় উভয়কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।