মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কালাই পৌরসভা-এর বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। কালাই সদরের অদূরে জয়পুরহাট–মোকামতলা মহাসড়কের উত্তর পাশে সরাইল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে গড়ে তোলা ময়লার ভাগার এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলের সময় ময়লার ভাগার থেকে ছড়িয়ে পড়া উৎকট দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই নাক-মুখ চেপে রাস্তা পার হচ্ছেন। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠায় মানুষের মধ্যে বমি বমি ভাবসহ নানা শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মৃত পশু মাটি চাপা দিয়ে অপসারণের নিয়ম থাকলেও সেখানে প্রকাশ্যে মৃত গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীর দেহ ফেলে রাখা হচ্ছে। পচা-গলা এসব প্রাণী থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও জীবাণু স্থানীয় পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এদিকে, কালাইয়ে আগত নতুন মানুষদের কাছেও পৌরসভার একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে। স্থানীয়দের মতে, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
জনস্বার্থে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, কালাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সচেতন মহলের মতে, এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নয়; বরং জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
