নাগেশ্বরীতে মিজানুর রহমান মিজানকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ


প্রতিনিধি: হাসান মাহমুদ জয়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সমাজসেবক মিজানুর রহমান মিজানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় বিভিন্ন মহলে ছড়ানো রাজনৈতিক সম্পৃক্ততার গুঞ্জনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সচেতন মহল।

প্রতিবাদকারীদের দাবি, মিজানুর রহমান মিজান কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে সম্পৃক্ত নন। স্থানীয় বা জাতীয় পর্যায়ের কোনো রাজনৈতিক সংগঠনে তার কোনো পদ বা দায়িত্বও নেই।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নিজস্ব অর্থায়নে পরিচালিত “রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন”-এর মাধ্যমে তিনি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় কাজ করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মিজানুর রহমান মিজান একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা নাগেশ্বরীবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান।

তাদের মতে, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত এবং প্রয়োজন হলে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা