সুন্দরবনের জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর সহযোগী অস্ত্রসহ আটক

আকাশ পাল, বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর এক সহযোগীকে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগানসহ আটক করেছে র‍্যাব-৬।

শুক্রবার (১২ জুন) সকালে র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আক্তার আলী শেখের ছেলে মো. সবুর শেখ (৫১)কে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, আটক সবুর শেখ সুন্দরবনের জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর সহযোগী হিসেবে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মোংলা থানায় দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা