মো: সাব্বির হোসেন, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ৯ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। গত,২ জুন শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোন্দলগ্রাম ও আব্দুলপুর ইউনিয়নের ডিগ্রী কলেজের পশ্চিমে ফাঁকা কাঁচা রাস্তার উপর থেকে মাহফজার রহমান (২৫), মমিনুল ইসলাম (২৭) ও বিশু রায় (৪০), শরীফ উদ্দিন (৩৮) ও বিশ^নাথ রায় নামে ৫ জনকে আটক করা হয়। এরপর আটককৃত স্থানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ দ্রুত উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন এবং অবিনাশ চন্দ্র রায় নামে একজনকে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন ও বাকি ৩ জনকে ২০০ টাকা করে জরিমানা করতঃ সাথে সাথে আদায় করে মাদকসেবন করবেনা, এমন মুচলেকা দিলে ছেড়ে দেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, আটককৃতদের গতকাল শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।