আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে একটি ফাঁকা মাঠ থেকে সজীব কর্মকার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পেছনের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজীব কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের জান্টু কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকাবাসী মাঠের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এখনো পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।