ঠাকূরগাঁও প্রতিনিধি : মো. আরফান আলী
আন্তর্জাতিক গুম সপ্তাহ ২০২৬ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের বিচার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে গুমের পুনরাবৃত্তি বন্ধের দাবিতে ঠাকূরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার-এর জেলা সমন্বয়ক নূর আফতাব রুপম। এতে বক্তব্য দেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ রায়হান অপু, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরে দেশে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। অনেক পরিবার হারিয়েছে তাদের বাবা, ভাই ও সন্তানকে। তারা অভিযোগ করেন, গোপন বন্দিশালায় বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের আটকে রাখা হতো।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেওয়া হলেও তা সংসদে পাস না হওয়ায় কার্যকর হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে গুমের ঘটনায় জড়িতদের বিচার, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এবং গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হয়।
