বসুন্ধরা শুভসংঘ-এর পক্ষ থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা



তৌসিফ, জাবিপ্রবি প্রতিনিধি:
বসুন্ধরা শুভসংঘ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-কেন্দ্রিক মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় সংগঠনের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎকালে বসুন্ধরা শুভসংঘের প্রতিনিধিরা সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে উপাচার্যের পরিচয় করিয়ে দেন এবং আগামী এক বছরের সম্ভাব্য কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। প্রস্তাবিত কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ ও ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের জন্য শীতবস্ত্র ও খাদ্য সহায়তা, শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন ও আইটি প্রশিক্ষণ, সাইবার সচেতনতা কার্যক্রম, মাদকবিরোধী প্রচারণা, মানসিক স্বাস্থ্য ও নারী নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আয়োজন, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, বইপড়া উৎসব, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, রোবটিক্স ও প্রযুক্তিভিত্তিক কর্মশালা, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবন উৎসাহমূলক কার্যক্রমসহ বিভিন্ন শিক্ষাবান্ধব ও সমাজসেবামূলক উদ্যোগ।

এসময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া বসুন্ধরা শুভসংঘের বহুমাত্রিক ও ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের সংগঠনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার আশ্বাস প্রদান করেন।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। মাননীয় উপাচার্যের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসির আরাফাত ও মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. উমর ফারুক, মিরাজ হোসেন ও মো. রায়হান, সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান, শুভ্র বিশ্বাস ও সোহাগ সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আমীন তানভীরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা