জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা। স্থানীয়দের দাবি, জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ফলে তৃণমূল পর্যায়ে মুসার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন মঞ্জুরুল ইসলাম মুসা। দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন তিনি। স্থানীয় হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।
রাজনৈতিক জীবনের শুরু ১৯৯১ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। পরবর্তীতে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে মাদারগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মুসা। পরবর্তীতে দলীয় প্রতীকে নির্বাচনেও অংশ নেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সময় তিনি আইনি জটিলতা ও মামলার মুখোমুখি হয়েছেন বলেও জানা গেছে।
এলাকাবাসীর একাংশ মনে করেন, নির্বাচিত হলে মুসা তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।
চেয়ারম্যান পদপ্রত্যাশী মঞ্জুরুল ইসলাম মুসা বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়নসহ সকল সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।”
