দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত



মোঃ জিহাদ হাসান, দশর্ণা, চুয়াডাঙ্গা, খুলনা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রম এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং কোনো শিশুই যেন এ কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা