মো. আরিফুল ইসলাম ইরান, পঞ্চগড়
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে পঞ্চগড়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় দেশব্যাপী একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।
একই সময় সিলেট থেকে সরাসরি এবং দেশের অন্যান্য জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন। বক্তারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শিশু-কিশোরদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল (পিপি), বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
